Post Press Release about International Labour Day 2023 and Celebration of 33th Anniversary of Karmojibi Nari

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০১ মে, ২০২৩

কর্মজীবী নারী’র মহান মে দিবস-২০২৩ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | PDF

সকল শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা কর

আজ ১ মে, ২০২৩ সকাল নয়টায় কর্মজীবী নারী মহান মে দিবস-২০২৩ ও ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সকল ক্ষেত্রে অধিকার মর্যাদায় নারী থাকবে পৃথিবীর বৃহৎ আঙিনায় এবং সকল শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা কর’ এই প্রতিপাদ্য নিয়ে জিরো পয়েন্ট, পল্টন, ঢাকা-১০০০-এ সমাবেশের আয়োজন করেছে। কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার, এমপি এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, কর্মজীবী নারী’র অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা এবং নারীশ্রমিক কন্ঠ থেকে সংহতি বক্তব্য রাখেন: নারীশ্রমিক নেত্রী মুর্শিদা আখতার নাহার, মাকসুদা খাতুন, হেনা চৌধুরী প্রমুখ।

বক্তব্যে কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার, এমপি বলেন, নারী ও নারীশ্রমিকদের সুযোগ-সুবিধা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কর্মজীবী নারী পথ চলা শুরু করেছিল আজ থেকে ৩৩ বছর আগে। মানুষকে বেঁচে থাকার জন্য কাজ করতে হয়। তাই আমরা আবারও বলছি কাজ চাই, তবে তা মর্যাদার সাথে। মর্যাদার পাশাপাশি বেঁচে থাকার জন্য মজুরিও গুরুত্বপূর্ণ। সকল শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। নারীশ্রমিকের জীবনের নিরাপত্তা, ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ এবং যৌন হয়রানি থেকে রক্ষা পেতে রাষ্ট্র অনেক নীতিমালা করেছে। সেই নীতিমালার আলোকে আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে বলা হয়, এ বছর কর্মজীবী নারীর গৌরবজ্জ্বল ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। স্বাধীনতার ৫৩ বছরে আর্থ-সামাজিক ও রাজনৈতিক খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই অগ্রগতিতে নারীর অবদান সর্বাধিক বিশেষ করে কৃষি, শ্রম, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নারীর অবদান উল্লেখযোগ্য। ‘কর্মজীবী নারী’ নারী আন্দোলন ও শ্রমিক আন্দোলনে নারীশ্রমিকের ব্যাপকতর উপস্থিতি, কার্যকর অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে নিরন্তর সংগ্রামে এগিয়ে চলছে সাফল্যের সাথে। মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে এবং তৈরি পোশাক খাত, চামড়া শিল্পখাতসহ কৃষিশ্রমিক, অভিবাসীশ্রমিক, পরিচ্ছন্নশ্রমিক, গৃহশ্রমিকদের জীবনমান উন্নয়নে ‘কর্মজীবী নারী’ ধারাবাহিকভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মহান মে দিবস ২০২৩ এবং কর্মজীবী নারী’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমজীবী-খেটে খাওয়া-মেহনতি শ্রমিকদের জন্য কর্মজীবী নারী’র দাবি:

১. শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে;
২. শ্রমিক ছাঁটাই, কল-কারখানা বন্ধ করা চলবে না;
৩. অতি জরুরি কাজে নিয়োজিত সকল শ্রমিকের জন্য কার্যকর পিপিই-এর ব্যবস্থা করতে হবে;
৪. সকল শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে;
৫. শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে;
৬. আইএলও কনভেনশন ১৯০ এর বাস্তবায়ন করতে হবে। শোভন কাজ নিশ্চিত করতে হবে;
৭. গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ বাস্তবায়ন করতে হবে এবং এর আলোকে আইন প্রণয়ন করতে হবে।
৮. ঘরে-বাইরে-কর্মক্ষেত্রে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে রুখে দাঁড়াতে হবে।

বার্তা প্রেরক

জারিন তাসনিম
প্রকল্প সমন্বয়ক, কর্মজীবী নারী
০১৯১৪৩৫৭১২০

প্রেস বিজ্ঞপ্তি: মহান মুক্তিযোদ্ধা ও গরীবের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী’র প্রয়াণে কর্মজীবী নারী’র শোকবার্তা  

তারিখ: ১৩/০/২০২৩
বাংলাদেশের জনস্বাস্থ্য আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা, মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রে’র প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী’র প্রয়াণে ‘কর্মজীবী নারী’ সংগঠন শোক প্রকাশ করে। সংগঠনের নেতৃবৃন্দ  এই শোকবার্তায় বলেন;  ডা. জাফরুল্লাহ চৌধুরী’র মৃত্যুতে আমরা একজন মহান দেশপ্রেমিককে হারালাম। দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। গণস্বাস্থ্য প্রতিষ্ঠার মাধ্যমে খেটে-খাওয়া সাধারণ মানুষের চিকিৎসা সেবায় যে অবদান রেখেছেন তা ভুলবার নয়। বাংলাদেশে জনস্বাস্থ্য আন্দোলনের পুরোধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘গরীবের ডাক্তার’ নামে সাধারণ জনগণের কাছে অধিক জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষের অধিকার নিশ্চিতকরণে তাঁর মত ত্যাগী, মহান দেশপ্রেমিককের শূণ্যতা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর কার্যক্রমের মধ্য দিয়েই তিনি সাধারণ জনগণের মাঝে চিরদিন বেঁচে থাকবেন।

কর্মজীবী নারী’র পক্ষে শোক প্রকাশ করেন প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার এমপি, সভাপতি দিলনাশিঁ মোহসেন, সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল ও শাহিন আক্তার পারভিন, সাধারণ সম্পাদক শারমীন কবীর, নির্বাহী পরিচালক রোকেয়া রফিকন এবং অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা।

বার্তা প্রেরক
হাছিনা আক্তার
সমন্বয়ক ( এইচ আর এন্ড এডমিন)
কর্মজীবী নারী | PDF
মোবাঃ ০১৭১২ ৪৭৯ ৫০১

প্রযুক্তি হোক শ্রমজীবী বান্ধব, নিরাপদ ও সমতার-আন্তর্জাতিক নারী দিবস ২০২৩

প্রযুক্তি হোক শ্রমজীবী বান্ধব, নিরাপদ ও সমতার-আন্তর্জাতিক নারী দিবস ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০৯/০৩/২০২৩
x
প্রযুক্তি হোক শ্রমজীবী বান্ধব,

নিরাপদ ও সমতার

-কর্মজীবী নারী

কর্মজীবী নারী’র “কোভিড-১৯ পরবর্তী সময়ে শহুরে নারী শ্রমিকদের শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং তাদের অরক্ষিত অবস্থার ঝুঁকি কমাতে সামাজিক সুরক্ষা প্রক্রিয়ায় যুক্তকরণ” প্রকল্পের অধীনে আজ ০৯ মার্চ ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিকেল ৪.০০ টায় ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডস্থ ভাষানটেক এলাকায় মানববন্ধন, লাঠি খেলা ও পথ নাটকের আয়োজন করে।

কর্মজীবী নারী’র প্রকল্প সমন্বয়ক জারিন তাসনিমের সভাপতিত্বে¡ মানববন্ধনে বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যানেজার নুজহাত জাবিন, কর্মজীবী নারী’র প্রকল্প কর্মকর্তা হুরমত আলী, জাতীয় শ্রমিক জোট- বাংলাদেশ এর ঢাকা মহানগর এর যুগ্ম আহবায়ক শেখ শাহানাজ, গৃহশ্রমিক প্রিয়া প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়ক রিনা আমেনা।

বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “প্রযুক্তি হোক শ্রমজীবী বান্ধব, নিরাপদ ও সমতার” এই প্রতিপাদ্য নিয়ে কর্মজীবী নারী’র আজকের এই আয়োজন। আজ থেকে ১৬৫ বছর আগে আমেরিকার সূঁচ কারখানার নারীশ্রমিকেরা ১২ ঘন্টার কাজের বিরুদ্ধে, নি¤œ মজুরি এবং অমানবিক কাজের পরিবেশের প্রতিবাদে যে আন্দোলন শুরু করে তারই ধারবাহিকতায় নারীশ্রমিকের সংগ্রাম স্বীকৃতি পায় ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে। নারীর এই আন্দোলনের মূল্যায়ন যদি করি তাতে দেখা যায় নারী নিজেকে চিনতে শুরু করেছে এ কথা ঠিক, নারীর সচেতনতা বেড়েছে ঠিকই কিন্তু নারী তাঁর বৈষম্য, বঞ্চনা এখনও ঘুচাতে পারেনি।

ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যানেজার নুজহাত জাবিন বলেন, কর্মক্ষেত্রে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে এখনও আরো অনেক কাজ করার বাকি আছে। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। নারীর অধিকার বিষয়ে আপনারা নিজেরা জানবেন এবং অন্যদের জানাতে সাহায্য করবেন।

বক্তারা কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত নারীদের শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র ও সামাজিক সুরক্ষায় তাদের প্রবেশাধিকারের জোর দাবি জানান।

এই কর্মসূচি থেকে কর্মজীবী নারী’র দাবিসমূহ:

১. ডিজিটাল বাংলাদেশে উদ্ভাবিত প্রযুক্তিসমূহ হতে হবে শ্রমজীবী বান্ধব, নিরাপদ ও সমতাপূর্ণ;
২. কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত নারী শ্রমিকদের শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে;
৩. সামাজিক সুরক্ষা প্রক্রিয়ায় নারীর যুক্ততা নিশ্চিত করতে হবে;
৪. নারীর জন্য নির্যাতনমুক্ত ও নিরাপদ, পরিবার এবং কর্মক্ষেত্র গড়ে তুলতে হবে;
৫. নারী-পুরুষ সমান কাজে সমান মজুরি নিশ্চিত করতে হবে;
৬. নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করতে হবে;
৭. বৈষম্যহীনভাবে সকলক্ষেত্রে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও নারীবান্ধব, কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে;
৮. কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়ন করতে হবে, আইএলও কনভেনশন- ১৯০ অনুসমর্থন করতে হবে;
৯. গৃহকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে;
১০. গৃহশ্রমিকের অধিকার রক্ষায় গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১৫ বাস্তবায়ন করতে হবে;

বার্তা প্রেরক,

আমেনা,
প্রকল্প সমন্বয়ক, কর্মজীবী নারী
যোগাযোগ: (০১৭২৬৫৪৩২৯৩)