১৪ অক্টোবর ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় অনুমোদনহীন একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে গুদাম ও পার্শ্ববর্তী পোশাক কারখানার ওয়াশিং ইউনিট“শাহ আলী ওয়াশিং লিমিটেড”-এ অগ্নিকাণ্ড ঘটে এখন অব্দি পাওয়া খবর অনুযায়ী, ১৬ জন শ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় কর্মজীবী নারী গভীর শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। আমরা এ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং নিহত ও আহত শ্রমিক ও তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাই।
মিডিয়া সূত্রে জানা গেছে, আবাসিক এলাকায় অনুমোদন ছাড়াই রাসায়নিক গুদাম ও পোশাক কারখানার ওয়াশিং ইউনিট পরিচালিত হচ্ছিল, যেখানে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আরও জানা যায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার ছাদের সিঁড়িতে তালা দেওয়া ছিল, ফলে শ্রমিকেরা বের হতে পারেননি। এই ঘটনা কেবল শ্রম আইনবিরোধী নয়, বরং চরম মানবাধিকার লঙ্ঘন।
সাম্প্রতিক সময়ে একের পর এক রাসায়নিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে বহু শ্রমিকের প্রাণহানি ঘটছে, কিন্তু কোনো ঘটনারই সঠিক তদন্ত বা বিচার হচ্ছে না। রানা প্লাজা হত্যাকাণ্ড, তাজরীন গার্মেন্টস ও সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডসহ একাধিক ভয়াবহ ঘটনার পরওএ ধরনের দুর্ঘটনা অব্যাহত রয়েছে। আইনের দুর্বলতা ও দায়হীনতা শ্রমিক নিরাপত্তাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। অসাধু মালিকপক্ষের লোভ ও কর্তৃপক্ষের অবহেলার কারণে নিরীহ শ্রমিকেরা প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন।
আমরা এই অগ্নিকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। পাশাপাশি, এ ঘটনার তদন্তে নাগরিক সমাজ, ট্রেড ইউনিয়ন, শ্রমিক অধিকার সংগঠন ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।
বার্তা প্রেরক
হাছিনা আক্তার | PDF